২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে যাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এহছানুল হক মিলন।

ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে যাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 06:00 PM

Updated : 26 Nov 2026, 06:00 PM

ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে যাওয়া শিক্ষকদের তালিকা তৈরি করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, “অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।”

বৃহস্পতিবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব বলেন তিনি।

রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ নিয়ে শিক্ষকদের সতর্ক করে মন্ত্রী বলেন, “শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিং করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

“বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না।”

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী মিলন বলেন, “এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। আমরা পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসছি। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে।

“এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এসএসসি ও এইএসসি পরীক্ষার প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না।”

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশ দিয়েছেন জানিয়ে মিলন বলেন, “সারা দেশে মেয়েদের ১০ লাখ সাইকেল বিতরণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার, সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল, পোশাক এবং বৃত্তির টাকা বাড়ানো হবে।”

একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, লেখাপড়া না করলে পাস হবে না। কিছুদিন পরে যখন চাকরিতে যাবেন, তখন প্রশ্ন করবে, আওয়ামী লীগের সময় পাস করেছেন না বিএনপির সময় পাস করেছেন।

“আওয়ামী লীগের সময় পাস হলে চাকরি হবে না। বিএনপির সময় হলে চাকরি হবে। বিএনপির সময় না পড়লে পাস করা যায় না। সবাইকে পড়ামুখী হতে হবে, পড়ার কোনো বিকল্প নাই।”

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মো. নাজমুল হক বক্তব্য দেন।