জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত উপাচার্যকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখে একদল আন্দোলনকারী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ আল মামুনকে কমিটির সভাপতি করা হয়েছে বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব নাফিজা আরেফীন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আইন কর্মকর্তা মো.ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মাহিবুল আহসান। কমিটিকে প্রতিবেদন জমা দিতে সাত দিন সময় দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখে একদল আন্দোলনকারী।
আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনে নামেন তারা।
এ ঘটনার পর সেদিন রাত ১০টায় সিন্ডিকেটের জরুরি সভা হয়। সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যালয় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।
