১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দিনভর উপাচার্য অবরুদ্ধের পর জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:26 AM

Updated : 17 Nov 2026, 12:31 AM

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতার দাবিতে দিনভর উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

সোমবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

পরে রাত ১০টায় সিন্ডিকেটের জরুরি সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দিনভর উত্তপ্ত ক্যাম্পাস

সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। এ সময় তারা উপাচার্যের সঙ্গে বৈঠকও করেন।

পরে আন্দোলনকারীরা ফটক বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে হেরিটেজ ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।

অধিকার বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন, সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন। সভা সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।