২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভূমি অফিসে আগুন, নথিপত্র পুড়ে ছাই

অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 07:31 PM

Updated : 26 Nov 2026, 07:31 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

বুধবার রাতে উপজেলার মালঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারের রাজনগর ভূমি অফিসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে; তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ভূমি অফিসের পেছন দিক দিয়ে থাই জানালার কাচ ভেঙে পেট্রোল ও পোড়া মবিল ঢেলে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। বিশেষ করে জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এসব নথির বিকল্প ব্যবস্থা কী হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ভূমি অফিসে আগুনের ঘটনায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।