১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা: জড়িত কর্মকর্তাকে প্রত্যাহার ও বিচার দাবি

দাবি পূরণে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন সাংবাদিকরা।

ময়মনসিংহে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা: জড়িত কর্মকর্তাকে প্রত্যাহার ও বিচার দাবি

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 05:42 PM

Updated : 13 Nov 2026, 05:42 PM

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

এ ঘটনায় জড়িত ভূমি অফিসের নায়েব আবুল কালামকে সাত দিনের মধ্যে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দপ্তরে সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

আগামী সাত দিনের মধ্যে নায়েব আবুল কালামকে প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বেঁধে রেখে পিটানোর হুমকি দেওয়া নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাকে দ্রুত অপসারণ করে আইনি ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান। এ সময় তার সঙ্গে ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া প্রতিবেদক ফরহাদ, কালের কণ্ঠের আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।

তাদের অভিযোগ, তথ্য জানতে চাইলে নায়েব আবুল কালাম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অফিসের মূল ফটক বন্ধ করে আটকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।

ঘটনার একটি ভিডিওতে ওই ভূমি কর্মকর্তাকে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’, ভূমি কর্মকর্তার হুঁশিয়ারি