‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’, ভূমি কর্মকর্তার হুঁশিয়ারি
ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে তথ্য চাইতে যাওয়া সাংবাদিকদের হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, একেবারে জেলে ঢুকিয়ে দেব’- এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটে। তবে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি, বলছেন সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালাম।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, “শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।”
এদিন দুপুর ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নায়েব।
অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আবুল কালাম। তার সঙ্গে থাকা নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের আলাদিন সানি এবং সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত ঘটনার প্রতিবাদ করলে তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সাংবাদিকদের বেঁধে পেটানো এবং একেবারে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন নায়েব। ঘটনার ভিডিওতে তাকে এ ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। সরকারি দপ্তরে তথ্য চাইতে গিয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা।
জমির খারিজের তথ্য জানতে চাইলে নায়েব আবুল কালাম বলেন, “এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।”
সাংবাদিক অনিক খান বলেন, নতুন জরিপের কাজে তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমির তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন?
এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও একই নায়েবের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ রয়েছে।
এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুরের অভিযোগ, কয়েক দিন আগে আহমেদ ঘোষের লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।
এ বিষয়ে নায়েব আবুল কালাম বলেন, “সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাদের চিনতে পারিনি।”
ঘটনার প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান।
সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না, জানতে চাইলে জাকারিয়া বলেন, “বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।”
সরকারি ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি এবং তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের হুমকির এমন অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা বক্তব্য যাচাই এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
