সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ
জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ময়মনসিংহ জেলা প্রশাসক।
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি কার্যালয়ের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রোববার দুপুরে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন তিনি। এ ঘটনায় রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি কার্যালয়ে যান। এ সময় আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে আবুল কালাম বলেন, “এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।”
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সাংবাদিক আলাদিন সানি ও ডিবিসির মাল্টিমিডিয়ার সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ব্যাপারে জানতে সদর পৌর ভূমি কার্যালয়ের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালামকে মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।
