তিন জেলায় সড়কে ঝরল ৩ প্রাণ
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় নারী, নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ এবং কক্সবাজারের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী, নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ এবং কক্সবাজারের যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার বরিশালের গৌরনদী উপজেলার গাইনের পাড়, নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এবং ঈদগাঁও উপজেলার হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
বরিশাল:
গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন, বুধবার তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ঝালকাঠি থেকে মোটরসাইকেলে চাঁদপুর যাচ্ছিলেন। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গাইনের পাড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি এক নারী পথচারীকে চাপা দেয়।
গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহীনুর বেগম (৫০) উপজেলার উত্তর বার্থী গ্রামের সিদ্দিক ঢালির স্ত্রী।
পুলিশ জানায়, এ ঘটনায় মোটরসাইকেল চালক তৌহিদুলকে আটক করা হয়েছে। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা।
শাহীনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন।
নাটোর:
নাটোর সদর উপজেলার ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বলেন, বুধবার বেলা ১১টার দিকে ছালামত আলী সাইকেলে করে হযরতপুর বাজারে যাচ্ছিলেন। পথে সৈয়দ মোড় এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি মাইক্রোবাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছালামত সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা মাইক্রোবাসসহ চালক জয়নাল আবেদিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত ৭২ বছর বয়সী ছালামত আলী সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের প্রয়াত ছাবের আলীর ছেলে।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার :
ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন, বিকালে ঈদগড়মুখী বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এর আরোহী গৃহবধূর মৃত্যু হয়। আহত হয় ওই গৃহবধূর দুই সন্তান।
নিহত তসলিমা আক্তার (৩০) ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।
আহতরা হলো- নিহতের মেয়ে সুজন মনি (৪) ও লাবিবা মনি (২ বছর ৬ মাস)। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
