চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইনসহ আটক ৩, দুটি ইজিবাইক জব্দ
জব্দ করা হেরোইন ও ইজিবাইকের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করা হয়।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মহানন্দা-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
আটকরা হলেন- ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. মাসুদ রানা আসিক (৩০), সুরানপুর গ্রামের মো. এনায়েতুল্লা শিমুল (২০) এবং বিরেশ্বরপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৪৫)।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন খবর পেয়ে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়।
পরে তাদের শরীর তল্লাশি করে ২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ইজিবাইকও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জব্দ করা হেরোইন ও ইজিবাইকের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। মাদক ও সব ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
