আমবাগান থেকে ভেসে আসছিল কান্নার শব্দ, বালুর স্তূপে মিলল নবজাতক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আমবাগানের বালুর স্তূপের নিচে পুঁতে রাখা অবস্থায় এক নবজাতক মেয়েশিশু উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামে প্রয়াত ইয়াসিন হাজির আমবাগান থেকে শিশুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।
তিনি বলেন, সকালে গ্রামের রাস্তার পাশে হামিদুল (৫) ও নাফিউল (৩) খেলছিল। এ সময় তারা বাগানের বালুর স্তূপ থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।
পরে স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনসহ কয়েকজন বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করেন। এরপর তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি মতিউর রহমান বলেন, কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত দেবে আদালত।
স্থানীয় গোলাপ হোসেনের আশ্রয়ে নবজাতকটি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে বলে জানান তিনি।
