০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে বিদ্যালয়ে পাঠদানের সময় বজ্রপাত, আহত ১৬ শিক্ষার্থী

বজ্রপাতে অনেকের শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসক।

খাগড়াছড়িতে বিদ্যালয়ে পাঠদানের সময় বজ্রপাত, আহত ১৬ শিক্ষার্থী

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:50 PM

Updated : 09 Nov 2026, 09:50 PM

খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি বিদ্যালয়ে পাঠদানের সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন।

আহতরা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন বলেন, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বজ্রপাতটি চতুর্থ শ্রেণির কক্ষের পাশে হওয়ায় সেখানে থাকা শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থীর হাত-পা ও শরীরে ঝলকানি লাগে।

তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অন্ত বড়ুয়া বলেন, বজ্রপাতে কারো কারো শরীরের বিভিন্ন অংশ তাৎক্ষণিক অবশ হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা শঙ্কামুক্ত হওয়ায় তারা বাড়ি ফিরে গেছেন।