মানিকগঞ্জে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ফ্যান ছিঁড়ে ২ শিশুশিক্ষার্থী আহত
বিদ্যালয়ের জরাজীর্ণ টিন সেটের ঘরে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিশুশিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
আহতদের মধ্যে দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত একই ক্লাসের অর্ককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
শিক্ষক ও অভিভাবকরা জানান, ক্লাস চলমান অবস্থায় ছাদ থেকে ফ্যান ছিঁড়ে শিক্ষার্থীদের পাশে পড়ে। এতে চলন্ত ফ্যানের পাখার আঘাতে আমির হামজার নাকে এবং চোখে আঘাত লেগে। এ সময় পাশে থাকা অর্কও আঘাত যায়।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল বলেন, বিদ্যালয়ের টিন সেটের ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। একটু বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। এর আগে কোনো রকমে একটু মেরামত হলেও তা তেমন কোনো কাজে আসেনি।
ঝুঁকি নিয়েই তাদের ক্লাস নিতে হয়। শিক্ষার্থীদের নিরাপদে ক্লাসের জন্য এই পুরাতন জরাজীর্ণ ঘরটি নতুন করে তোলা প্রয়োজন।
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক লুৎফর রহমান বলেন, “ভবনটা জরাজীর্ণ দীর্ঘদিনের। আমরা বিগত এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা আবেদন দিয়েছি, ভবনটি মেরামতের জন্য। আজকের বিষয়টিও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আগে দুইবার ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য বাজেট আসলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে টাকা ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভিতরে বন্যার্তদের জন্য একটা আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। জায়গাটা প্রাইমারি এবং হাইস্কুলের যৌথ।
“এখানে তিনটা কক্ষ আমাদের প্রাইমারি স্কুলের জন্য ব্যবহার করার কথা ছিল। কিন্তু সেটা হাইস্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে দিচ্ছে না। আমরা এ নিয়ে বসে, ওই ভবনে যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে, সেদিকে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি”, বলেন তিনি।
বিদ্যালয়ের ভিতরে বন্যার্তদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র ছাড়া ভিন্ন কোনো স্থানে শিক্ষার্থীদের জন্য ক্লাসের ব্যবস্থা না থাকলে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ।
