ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্তের নির্দেশ
শিক্ষক দম্পতির ধস্তাধস্তির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
বুধবার সকালে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
মারামারিতে জড়ানো দুই শিক্ষক হলেন- ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর মারামারির ভিডিওটি ফেইসবুকে ছড়ালে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসে।
এদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বিকালের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের এমন আচরণ অসদাচরণের শামিল। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা কোনোভাবেই ঠিক নয়।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে লিখিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে ওই বিদ্যালয়ে যোগ দেন।
