ময়মনসিংহে স্কুলে মারামারি: ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
তাদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মামলার বিষয়টি জানান।
তিনি বলেন, এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
টনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। দুই শিক্ষক হলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
সম্প্রতি বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বুধবার ঘটনা তদন্তের নির্দেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকছেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। তাদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
আফজাল হোসেন ও আসমা বেগম দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।
