ময়মনসিংহে স্কুলে মারামারি: শিক্ষক দম্পতিকে উপজেলার দুপ্রান্তে বদলি
২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ধস্তাধস্তি ও মারামারিতে জড়ানো শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি করা হয়েছে।
উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুই শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক আফজাল হোসেনকে উত্তরের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং তার স্ত্রী সহকারী শিক্ষক আছমা খাতুনকে উপজেলার দক্ষিণ প্রান্তের কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন বলেন, শনিবার আফজাল হোসেনকে বদলির আদেশ দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। এর আগে বৃহস্পতিবার আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে বদলি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
গত ৫ অক্টোবর আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ শিক্ষক দম্পতির ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাটি তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে যোগ দেন।
তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। একপর্যায়ে সেই বিরোধের প্রভাব বিদ্যালয়েও পড়ে। তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়তেন বলে অভিযোগ রয়েছে।
