ফেনীতে কৃষি কর্মকর্তাকে ‘মারধর’, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ
ঘটনার সময় ওই চেয়ারম্যানের সঙ্গে ৮/১০ জন লোক ছিলেন বলে অভিযোগকারী জানান।
ফেনীর ফুলগাজীর উপ সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, শনিবার রাতে থানায় ফুলগাজী সদর ইউপির চেয়ারম্যান মো. সেলিমের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ আসে।
অভিযোগকারী উপ সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের ব্লক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে।
তিনি বলেন, “উৎপাদন বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ব্লক পর্যায় থেকে কৃষকদের তালিকা করা হয়। সে অনুযায়ী শনিবার দুপুরে ফুলগাজী উপজেলা পরিষদ চত্বরে নারকেলের চারা বিতরণ করা হচ্ছিল।”
এ সময় ইউপি চেয়ারম্যান সেলিম হঠাৎ এসে কৃষকদের তালিকা প্রস্তুত করার কারণ জানতে চেয়ে শরিফুল আলমকে জনসম্মুখে গলা ধাক্কা, চড়-থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ছাড়া সেলিম অশ্লীল ভাষায় গালমন্দও করেন। পাশাপাশি ওই কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকিও দেন বলে সেলিমের বিরুদ্ধে দেওয়া অভিযোগে বলা হয়।
ঘটনার সময় চেয়ারম্যানের সঙ্গে ৮/১০ জন লোক ছিলেন দাবি করে ওই কর্মকর্তা আরও বলেন, “চেয়ারম্যানকে মূল্যায়ন না করার অভিযোগ এনে তিনি এমন ঘটনা ঘটান।”
শরীফুল আলম চৌধুরী আরও জানান, এ ঘটনার পর থেকে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। বর্তমানে তিনি কর্মস্থলে যেতেও শঙ্কাবোধ করছেন।
তবে ইউপি চেয়ারম্যান মো. সেলিম বলেন, “সেখানে বাকবিতণ্ডা হয়েছে; লাঞ্ছিত করা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। তারপরও আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি।”
মো. সেলিম ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম মজুমদারের ভগ্নিপতি।
এ বিষয়ে আব্দুল আলীম বলেন, “উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। পরে ভুল বোঝাবুঝির অবসানও হয়েছে।”
এদিকে, জনসম্মুখে এভাবে একজন সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শরীফুলের সহকর্মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসম্মুখে এ ধরনের ঘটনার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
ফুলগাজীর ইউএনও তানিয়া ভূঞা বলেন, “কৃষি কর্মকর্তাকে মারধরের বিষয়টি শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
