২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিমের বাড়িতে মানবাধিকার কমিশন, বিচারের আশ্বাস

“নাদিম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেখার পর কোনো সাংবাদিকের গায়ে হাত দেওয়ার আগে অন্যায়কারীকে অন্তত ১০ বার ভাবতে হবে।“

সাংবাদিক নাদিমের বাড়িতে মানবাধিকার কমিশন, বিচারের আশ্বাস

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 03:08 PM

Updated : 21 Jun 2023, 10:34 AM

‘সংবাদ প্রকাশের জেরে’ হত্যাকাণ্ডের শিকার জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, “সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রচেষ্টায় সবকিছু করা হবে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন প্রথম থেকেই সোচ্চার রয়েছে, শেষ পর্যন্ত সোচ্চার থাকবে। নাদিম হত্যাকাণ্ডের অনেক ঘটনাই সুস্পষ্ট। হত্যাকারী ও হত্যার সহায়তাকারী সবাই দ্রুত আইনের আওতায় আসবে। হত্যাকান্ডে জড়িত কেউ রক্ষা পাবে না।

“নাদিম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেখার পর কোনো সাংবাদিকের গায়ে হাত দেওয়ার আগে অন্যায়কারীকে অন্তত ১০ বার ভাবতে হবে। বিশেষ করে যারা সত্য সংবাদ প্রচার করছে, যারা মানুষের অধিকার তুলে ধরছে, যারা অধিকার কর্মী তাদের ওপর আক্রমণের আগে যে কেউ ভাববে, আমি প্রভাবশালী তাকে আক্রমণ করে কি আমি রেহাই পাব? সারাদেশেই এই সংস্কৃতি হবে”, আশা করেন কামাল উদ্দিন।  

মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আশা প্রকাশ করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে রিফাতও খুব দ্রুতই গ্রেপ্তার হবেন।

এ সময় সেখানে জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে শনিবার বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে। তারা সবাই বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে আছে।

আরও পড়ুন:

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

পুরানো খবর:

জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

পুরানো খবর:

সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

পুরানো খবর:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

পুরানো খবর:

নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের