২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সমাবেশের পথে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে একদল হামলাকারী তাকে কুপিয়ে জখম করে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 01:07 AM

Updated : 26 Nov 2022, 01:07 AM

খুলনায় বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে হামলায় আহত এক বিএনপি নেতা এক মাস পর মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দলের নেতারা জানান।

শুক্রবার বিকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সাজ্জাদুর রহমান জিকো নামের এই ব্যক্তি ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য; তিনি ওই এলাকার প্রয়াত শেখ শওকত হোসেনের ছেলে।

গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে একদল হামলাকারী তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, খুলনার গণসমাবেশ ভণ্ডুল করতে গণপরিবহন বন্ধসহ নানা ষড়যন্ত্রে সফল হতে না পেরে বিএনপির নেতা-কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়।

ওইদিন গণসমাবেশে আসার পথে ফুলতলার ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাজ্জাদুর রহমান জিকোকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়। ৩৪ দিন চিকিৎসার পর বাড়ি ফিরলে একদল সন্ত্রাসী তাকে আবার মারধর করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন।

খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি হতেই হবে।

সাজ্জাদুর রহমান জিকোর হত্যার প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ও নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।