২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের পথে নাটোর বিএনপির সদস্যসচিবের ওপর হামলা

জেলা বিএনপির আহ্বায়কের অভিযোগ, “আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 02:26 PM

Updated : 31 Jul 2023, 02:28 PM

নাটোরে সমাবেশে যাওয়ার পথে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার ভোর ৫টার দিকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয় বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।

পরে রহিম নেওয়াজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার হাতের হাড় ভেঙে গেছে দাবি করে শহিদুল জানান, হামলা হওয়ার পর ডায়েবেটিস, উচ্চ রক্তচাপসহ আর কিছু শারীরিক সমস্যার কারণে রহিমের শরীরে জটিলতা দেখা দিয়েছে। উন্নতে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষ্যে রহিম নেওয়াজ ভোর ৫টার দিকে সদর উপজেলার ছাতনী গ্রামে তার বাড়ি থেকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন।

“এ সময় চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা হয়। তাকে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন; পরে হামলাকারীরা পালিয়ে যায়।”

শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে। এ ঘটনার কারণে জনসমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। রহিম নেওয়াজ সুস্থ হওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জানতে চাইলে সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, “এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। কারা হামলা করেছে, আমরা জানি না। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”