৮ বছর আগে বিএনপির পথসভায় হামলা, আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
২০১৮ সালের ২১ ডিসেম্বর বগুড়ার ধুনটে বিএনপির পথসভায় হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনার ২০২৪ সালে ৮১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বগুড়ার ধুনট উপজেলায় আট বছর আগে বিএনপির পথসভায় হামলা, হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।
রোববার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ধুনট পৌরসভার পূর্বভরনশাহী গ্রামের প্রয়াত জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) এবং মাটিকোড়া গ্রামের প্রয়াত আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ (৩৭)।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। সেই সময় পথসভায় হামলা, হাতবোমা বিস্ফোরণ ও ব্যানারে অগ্নিসংযোগসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
