২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিএনপির ৭৯ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

রাজনৈতিক দমন-নিপীড়নের জন্য এ মামলা করা হয়েছে দাবি উপজেলা বিএনপি নেতার।  

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 01:05 PM

Updated : 04 Dec 2022, 01:05 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

শনিবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জুয়েল খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন বলে জানান  নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান। 

এতে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলালসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী। 

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাতে পৌর এলাকার ফেরিঘাট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে বিএনপির নেতা-কর্মীরা। 

এসময় জীবন বাঁচাতে ট্রিপল নাইনে ফোন দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এসময় বোমা ফাটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা । 

তবে এ মামলাকে রাজনৈতিক দমন-নিপীড়ন উল্লেখ করে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল সাংবাদিকদের বলেন, “সম্পূর্ণ একটা গায়েবি মামলা সাজিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।” 

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়েছেন ওসি মু. আতাউর রহমান।