মাদারীপুরের বোমা বিস্ফোরণে মুদি দোকানি নিহত
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বোমা বিস্ফোরণে এক মুদি দোকানি নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে মিয়ারহাট লঞ্চঘাটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি শামীম হোসেন।
নিহত ৩৫ বছর বয়সী মনির চৌকিদার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট বাজারের লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম হোসেন বলেন, “সিডিখান ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়ার সঙ্গে স্থানীয় মান্নান সরদারের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।
“এর জেরে প্রতিপক্ষের লোকজন মনির চৌকিদারের দোকান লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি তার মাথায় লেগে বিস্ফোরিত হয়; এতে ঘটনাস্থলেই মনির মারা যান।”
এ ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে ওসি শামীম হোসেন জানান।
