রাজবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধের
পুলিশ ট্রাকটি জব্দ করলেও ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে।
রাজবাড়ী সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।
নিহত ৮০ বছর বয়সী লোকমান সরদার একই ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
চন্দনী ইউপির চেয়ারম্যান মো. আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বৃদ্ধ লোকমান সরদার রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় রাজবাড়ীগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। সেই সাথে ট্রাকটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে।
তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান ওসি।
