১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশা: সিরাজগঞ্জে ট্রাক চাপায় মহাসড়কের পাশে থাকা ২ পথচারী নিহত

ওসি বলেন, পাথরবোঝাই ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:36 AM

Updated : 17 Nov 2026, 11:36 AM

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘন কুয়াশায় মোড়ানো সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন দুই পথচারী।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।

নিহতরা হলেন, ধোপাকান্দি এলাকার কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও একই এলাকার দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মাহবুবুর রহমান বলেন, ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছিলেন তারা। পরে মহাসড়কের পাশ দিয়ে হাটার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক দুই পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সকাল ১০টার সময়ও এ মহাসড়কের কুয়াশা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে স্থানীয়রা।