২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাস চাপায় প্রাণ গেল ২ কিশোরের

জামুর্কি বাজারে কেনাকাটা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাদের চাপা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:17 PM

Updated : 26 Sep 2026, 09:17 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানিয়েছেন।

নিহতরা হলো- উপজেলার জামুর্কি এলাকার ডালিমের ছেলে রুদ্র (১৩) এবং গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে ঝলক (১৪)।

পুলিশ জানায়, বিকালে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে গোড়াই হাইওয়ে পুলিশ।

ওসি শরীফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।