গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দম্পতি নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান।
নিহতরা হলেন- সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। তারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা।
ওসি মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে একটি বাসে করে স্বামী-স্ত্রী মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাদেরকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
