এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বাড়ল
অনলাইনে কারিগরি ক্রটির কারণে যারা সময়মত আবেদন করতে পারেননি তাদের এ সুযোগ দেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনে আরও কিছু সময় বাড়ানো হয়েছে।
আগ্রহী পরীক্ষার্থীরা এখন রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড জানায়, অনলাইনে কারিগরি ক্রটির কারণে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। এ কারণে ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ১ নভেম্বর। এবার পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; যা সংখ্যায় ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অপরদিকে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে কেউ কোনো বিষয়ের নম্বর নিয়ে অসন্তুষ্ট থাকলে তার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। শনিবার ৭ নভেম্বর রাত পর্যন্ত এ সময় নির্ধারণ করা ছিল।
