পল্টনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
মিজানুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রাজধানীর পল্টনে গাজী শপিং কমপ্লেক্স এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এক যুবকের প্রাণ গেছে।
বুধবার সকাল ৭টার দিকে ২৪ বছর বয়সি মিজানুর হাওলাদারকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরীক্ষা করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পল্টন থানার এসআই জাহিদ হাসান নীরব জানিয়েছেন
নিহত মিজানুরের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার করপুরকান্ধী গ্রামে, তার বাবার নাম মফিজুর হাওলাদার।
এসআই নীরব বলেন, ভোরের দিকে ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক ওই যুবককে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
পুলিশের এই সদস্য জানিয়েছেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা জেনেছেন, মিজানুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থলে কেউ তার নাম-পরিচয় জানাতে পারেননি। পরে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তিনি কী উদ্দেশ্যে বা কোথা থেকে সেখানে এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের গ্রামের বাড়ির সংশ্লিষ্ট থানায় খবর পাঠানো হয়েছে।
মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এসআই নীরব।
