২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 05:37 PM

Updated : 28 Oct 2026, 05:37 PM

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার এসআই শফিউল আলম জানিয়েছেন।

নিহতরা হলেন- গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের বাসিন্দা ইটভাটায় কাজ করা শ্রমিক শফিকুল ইসলাম (৩৫) ও তার চার বছর বয়সি ছেলে বিপুল।

তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই শফিউল বলেন, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তার ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও চার থেকে পাঁচজন আহত হন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

ট্রাক ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান এসআই শফিউল আলম।