ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা
সুমন হাইস্কুল রোডের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন।
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০টার দিকে শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আতাউর রহমান।
নিহত তরিকুল ইসলাম সুমন উপজেলার শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে। ৩৫ বছরের সুমন স্থানীয় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়দের বরাতে ওসি আতাউর জানান, রাতে সুমন ওই এলাকায় একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ওসি বলেন, “সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান ওসি।
