২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, একজনের যাবজ্জীবন

শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে নির্মাণাধীন একটি ভবনে লুকিয়ে রাখে প্রীতম।

খুলনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, একজনের যাবজ্জীবন

খুলনায় শিশু হত্যা মামলার এক আসামিকে আদালত থেকে পুলিশী পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 10:01 PM

Updated : 21 Jun 2023, 10:01 PM

খুলনায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান আসমির উপস্থিতিতে এ  রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) মো. আহাদুজ্জামান।

দণ্ডিত প্রীতম কুমার রুদ্র খুলনা নগরীর বাসিন্দা।

মামলার বরাতে পিপি আহাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে নগরীর দৌলতপুরের পাবলা বণিকপাড়া এলাকা থেকে ওই শিশু হারিয়ে যায়।অনেক খুঁজেও না পেয়ে তার বাবা দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রীতম কুমার রুদ্রকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন প্রীতম। পরে তার দেওয়া তথ্য মতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই আইনজীবী আরও বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে প্রীতম বলেন, খেলা করার সময় কম্বল দেওয়ার কথা বলে ওই মেয়েটিকে একটি ভবনের ছাদে নিয়ে যান তিনি।এরপর ধর্ষণের চেষ্টা করলে চিৎকার দিয়ে ওঠে শিশুটি। তখন শিশুটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দেয়ালের সঙ্গে আঘাত লেগে সে অচেতন হয়ে যায়।

“পরে তাকে ধর্ষণ করে ছাদে কাপড় শুকানো দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন প্রীতম। এরপর মরদেহ গুম করার জন্য বস্তার মধ্যে ভরে নির্মাণাধীন ঘরের এক কোনায় লুকিয়ে রেখে পালিয়ে যান তিনি।”

পিপি বলেন, তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র আদালতে জমা দেন। এরপর ২০২২ সালের নভেম্বরে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

মামলার একটি ধারায় আসামি প্রীতমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড; আরেকটি ধারায় আসামির পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।

এই দুইটি ধারার রায় একইসঙ্গে কার্যকর হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

নিহত শিশুটির বাবা রায়ে সন্তুষ্ট নন জানিয়ে বলেন, “মেয়ের হত্যার সঠিক বিচার পাইনি। সঠিক বিচারের জন্য উচ্চ আদালতে যাব।”