৩ মিনিটের ঝড়ে ফরিদপুরের কয়েকটি গ্রামে বাড়িঘর বিধ্বস্ত
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, “দুই ইউনিয়নের ছয়টি গ্রামের অর্ধ শতাধিক কাঁচাপাকা বাড়িঘর ও কয়েকশ গাছপালা উপড়ে যায়।”
ফরিদপুরে অল্প সময়ের ঘূর্ণিঝড়ে আলফাডাঙ্গা ও সালথা উপজেলার কয়েকটি গ্রামের বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যার এই ঝড়ে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সানাতুদী গ্রামের অন্তত ১৮টি বাড়িঘর বিধ্বস্ত হয়। একই দিন বিকালে আলফাডাঙ্গা উপজেলায়ও ছয়টি গ্রামের অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
সালথা উপজেলার সানাতুদী গ্রামের বাসিন্দা দেলায়ার হোসেন বলেন, “টানা বৃষ্টির মধ্যে ভয়াবহ ঝড় আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র তিন মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের লিটু মুন্সী, ফারুক মুন্সী, মুরাদ মুন্সী, দবির মুন্সী, কাইউম মুন্সী, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, ছানা কাজী, আতি কাজী ও হাফেজ মাসগির মুন্সির অন্তত ১৮টি বসতঘর বিধস্ত হয়।
এ ছাড়া গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা প্রায় সবাই কৃষক বলে জানান দেলোয়ার।
গ্রামের লিপি বেগমের সেমিপাকা বসতঘরের উপর বিশাল গাছ পড়ে সেটি ধসে পড়ে। এ সময় লিপি বেগম বাথরুমে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। গ্রামের রাস্তার অসংখ্য গাছপালা ভেঙে সড়কের উপর চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
এর আগে বেলা সোয়া তিনটায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ-জাটিগ্রাম, বেজিডাঙ্গা এবং টগরবন্দ ইউনিয়নের মালা, কৃষ্ণপুর-টগরবান, তিতুরকান্দি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, “সারাদিনের প্রবল বর্ষণের পর বিকালের দিকে মাত্র এক-দুই মিনিটের ঘূর্ণিঝড় হয়। এতে দুই ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় শতাধিক কাঁচাপাকা বাড়িঘর ও কয়েকশ গাছপালা উপড়ে যায়। জমির ফসল বিনষ্ট হয়েছে।
অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন বলে জানান চেয়ারম্যান।
পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম ফাহিম হাসান বলেন, “ঝড়ের ফলে সেখানে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে গেছে। অনেকগুলো আঁকাবাকা হয়ে পড়েছে। আজকালের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।”
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
