টাঙ্গাইলে সড়কে গেল ছাত্রলীগ কর্মীসহ ৩ জনের প্রাণ
ধনবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্রলীগ কর্মী এবং সখীপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন ছাত্রলীগ কর্মীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার ধনবাড়ী উপজেলার বাজিতপুরে দুইজন ও সখীপুর উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশা চালক নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- ধনবাড়ীর পাঁচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও প্রয়াত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। তারা উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
অপর নিহত ৩৫ বছর বয়সী হারুন মিয়া সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ছোমেদ আলীর ছেলে।
ধনবাড়ি থানার ওসি জসিম উদ্দিন জানান, সকাল ১০টার দিকে রিফাত ও অন্তর মোটরসাইকেলে করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে সাগরদিঘীমুখী একটি ট্রাক মোখতার ফোয়ারা চত্বরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোচালক হারুন মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের সহযোগিতায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি রেজাউল।
