টাঙ্গাইলে কৃষিজমি থেকে ১২ রকেট লঞ্চার উদ্ধার
এ ছাড়া তিনটি গোলাকার হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাটি খুঁড়ে মরিচা ধরা ১২টি রকেট লঞ্চার এবং তিনটি গোলাকার হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয় বলে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়া থলচালা এলাকার কৃষক মো. আশ্রব আলী ও তার ছেলে শাকিল নিজেদের জমিতে মাটি কাটার কাজ করছিলেন। মাটি খোঁড়ার একপর্যায়ে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পেয়ে তারা তা উদ্ধার করে জমির আইলে রাখেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি লোহার বাক্স থেকে ছয়টি করে মোট ১২টি রকেট লঞ্চার এবং তিনটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বাক্স দুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হাসান আলী বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো দেখে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বা তার আগের পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম বলে মনে হচ্ছে।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, “উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এগুলো মূলত পুরোনো জং ধরা রকেট লঞ্চার ও বিস্ফোরক দ্রব্য।”
