গাজীপুরে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার
শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে তিনজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।
গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে এ তথ্য জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সরোয়ার মুর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে তিনজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা মো. লাবীব মণ্ডল বলেন, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর ওই বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকে বাড়িটিতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
