গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত
এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম।
পুলিশ কনস্টেবল সারোয়ার মোর্শেদ গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামের বজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে সারোয়ারসহ তিনজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ওই বাড়িতে মাদক সেবন ও বিক্রি করা হয় বলে অভিযোগ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় বাড়ি থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সারোয়ারের সঙ্গে গ্রেপ্তার অন্য দুজন হলেন- শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের সবুজ মিয়া (৩২) ও রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০)।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, থানায় আনার পর সারোয়ার মোর্শেদের পুলিশ সদস্য পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
