২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পুলিশ জানায়, ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 12:07 PM

Updated : 25 Nov 2026, 12:15 PM

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান।

গ্রেপ্তার মোশাররফ হোসেন মুনের বয়স ৩০ বছর। তিনি কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আদম আলী এবং মায়ের নাম রেখা বেগম।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।