মাদারীপুরে শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রাথমিক ভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে বলে জানান এসপি।
মাদারীপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, রোববার রাতে ওই ছাত্রীর বাবা সদর থানায় ধর্ষণ মামলা করলে তাকে সদর উপজেলার ঘটমাঝি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবু সরদার (২০) সদর উপজেলার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, গত শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ঘর থেকে বের হয়। এ সময় বাবু সরদার ও তার বন্ধুরা তার মুখ চেপে একটি পুকুর পাড়ে নিয়ে যায়।
“সেখানে বাবু মেয়েটিকে ধর্ষণ করে এবং তার বন্ধুরা পাহারা দেয়। পরে বাড়ি এসে মেয়েটি এ কথা মায়ের কাছে বললে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।”
তিনি আরও বলেন, এই ঘটনায় বাবু সরদারসহ আরও তিনজনকে আসামি করে মামলা করেছে ওই ছাত্রীর বাবা। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়।
“প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পেয়েছি। ধর্ষণে সহযোগিতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে,” বলেন পুলিশের এই কর্মকর্তা।
