১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা হাসপাতালের প্যাথলজি কক্ষে নারীকে ধর্ষণের অভিযোগ, কর্মী গ্রেপ্তার

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:12 PM

Updated : 17 Nov 2026, 09:12 PM

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি কক্ষে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম।

গ্রেপ্তার মো. মাহমুদুল হাসান (২৪) হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার চিকিৎসকের পরামর্শ নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই নারী। চিকিৎসক তাকে কয়েকটি পরীক্ষা করতে পরামর্শ দেন।

ওই নারী পরীক্ষার জন্য প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগে গেলেও সেদিন পরীক্ষা করা সম্ভব নয় বলে জানানো হয়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় মাহমুদুল হাসান তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। ওই নারীকে প্রস্রাবের নমুনা দিতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলেন।

ওই নারীর অভিযোগ, তিনি কক্ষে গেলে মাহমুদুল দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ নারীর। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয়।

পরে তিনি বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তার স্বামী তাকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ওই নারীর বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, ওই নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আমরাও ব্যবস্থা নেব।”