বংশালে নারীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ২
সিটি কলোনিতে শুক্রবার রাতে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেন নিশা।
ঢাকার বংশালে এক নারীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মীনাক্ষী রানী ও বিকি বাবু ওরফে বিকি হেলা।
সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, শুক্রবার সকালে নিশা রানী (২৮) তার বান্ধবী মীনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মীনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়।
পুলিশের ভাষ্য, পরে তারা একসঙ্গে মন্দির থেকে বের হয়ে নাস্তা করেন এবং এরপর রমনা কালী মন্দিরে যান। সেখানে মীনাক্ষী ও বিকি ঘনিষ্ঠতা দেখে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন।
একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মীনাক্ষী তাকে সেখান থেকে নিয়ে একটি রেস্তোরাঁয় যান। সেখানেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন।
পরে নিশা ও মীনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান বলে জানান ফারুক হোসেন।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মীনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হলে বিকি বাবু মীনাক্ষীর বাসায় আসেন। এ খবর পেয়ে নিশাও সেখানে যান।
“একপর্যায়ে বিকি বাবু ও মীনাক্ষী তাদের সম্পর্কে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিশা আত্মহত্যা করেন।”
পুলিশের ভাষ্য, ২ অক্টোবর রাত ৩টার দিকে বংশালের সিটি কলোনিতে মীনাক্ষীর বাসায় তাদের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নিশা।
আশপাশের লোকজন তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিশার পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় মামলা হয় বলে জানান ফারুক হোসেন।
তিনি বলেন, মামলা হওয়ার পর গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়।
পরে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বংশাল থানা এলাকা থেকে মীনাক্ষীকে এবং একই দিন রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
