সিটি নির্বাচনে ‘চ্যালেঞ্জ দেখছেন না’ আইজিপি
আইজিপি বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কোনো চ্যালেঞ্জ না দেখলেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও মাজার মসজিদে জুমার নামাজ পড়ে এবং নিজের মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নির্বাচন কমিশনের যেকোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তুত রয়েছে মন্তব্য করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “নির্বাচনকে কেন্দ্র আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।”
নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ আছে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে; সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে।”
সিলেটকে নিজের বিভাগ ও শহর উল্লেখ করে আইজিপি বলেন, সিলেট আসতে ভালো লাগে। দায়িত্ব ও নিজের প্রয়োজনে তিনি সিলেটে আসেন। সিলেটের মানুষ সবসময় আন্তরিক। অতিথিদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।
“এ ঐতিহ্যের কারণে সিলেটে মানুষ সব সময় আসেন। সিলেটে যারা চাকরি করেন, তারা চলে গেলেও আতিথেয়তার কারণে সারা জীবন মনে রাখেন। সিলেটের মানুষের সম্পর্ক সবাইকে আকর্ষণ করে।”
এ সময় অন্যান্যের মধ্যে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তিনদিনের সফরে সিলেট আসেন আইজিপি। শুক্রবার ও শনিবার সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন ভোট হবে রাজশাহী ও সিলেটে।
