০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এসআরবির নেতৃত্বে ফারুক আহমেদ, পুলিশের আরও ৪ ইউনিট প্রধান বদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্দ্ধতন ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনার কথা বলা হয়।

এসআরবির নেতৃত্বে ফারুক আহমেদ, পুলিশের আরও ৪ ইউনিট প্রধান বদল

ফারুক আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 07:10 PM

Updated : 03 Nov 2026, 07:29 PM

পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে বদলি করা হয়েছে।

তার পরিবর্তে বিশেষায়িত বাহিনীটির মহাপরিচালক করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে।

এছাড়া পুলিশের আরও ৪টি ইউনিটেও নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্দ্ধতন ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনার কথা বলা হয়।

Image

ইসরাইল হাওলাদার ও সায়েদুর রহমান

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবি প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেওয়া হয়েছে এসআরবির দায়িত্বে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান।

শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করা হয়েছে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থায়। গাজীপুর নগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশের প্রধান।

Image

গাজী জসীম উদ্দিন ও আশিক সাঈদ

অপরদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে করা হয়েছে জিএমপি কমিশনার। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজির দায়িত্ব।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গেল ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় মার্চে তৎকালীন র‌্যাবের মহাপরিচালক করা হয়েছিল আহসান হাবীব পলাশকে।

গত সেপ্টেম্বরে সরকারের এক প্রজ্ঞাপনে র‌্যাবের নাম পরিবর্তন করে ‘এসআরবি’ নামে যাত্রা শুরু হয়েছিল।