‘ঈদে মহাসড়কে ফিটনেসবিহীন যান চললে ব্যবস্থা নেবে পুলিশ’
“মহাসড়কে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি প্রশয় দেওয়া হবে না।”
ঈদে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জে মহাসড়ক এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা জানান তিনি।
হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন আহম্মেদ খান বলেন, “আসন্ন ঈদে মহাসড়কে কোনো প্রকার ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।”
মহাসড়কে পশুবাহী যানবাহন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, “মহাসড়কে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি প্রশয় দেওয়া হবে না।”
এ ছাড়া আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছনোর জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়ে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, “যানজট নিরসনে মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।”
ঈদে অনিরাপদ যাত্রা, বিশেষ করে ট্রাকে ও বাসের ছাদে চড়ে যাত্রীদের যাতায়াত না করার পরামর্শ দেন তিনি।
মহাসড়ক পরিদর্শনকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মোজাম্মেল হোসেন, হাইওয়ে বগুড়া রিজিওনের পুলিশ সুপার আহসান হাবীব, পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল আলম উপস্থিত ছিলেন।
