২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে যাত্রীদের নামিয়ে বাসে আগুন

স্বপ্ন পরিবহনের বাসটির চালক বলেছেন, যারা আগুন দিয়েছে, যাত্রীবেশে গাড়িতে উঠেছিলেন তারা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 11:43 AM

Updated : 29 Oct 2023, 11:43 AM

বিএনপি-জামাতের হরতালের সকালে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেওয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার জানান।

তিনি বলেন, ৪০ জনের বেশি যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের বাসটি আরিচা থেকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী বাসে ওঠে।

“পরে তরা ব্রিজ পার হওয়ার পর বাস থামিয়ে আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি ওই বাসে উঠে। তারা যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।“

স্বপ্ন পরিবহনের বাস চালক আনোয়ার হোসেন বলেন, “তরা ব্রিজ পার হওয়ার পর বাস থামাতে বলে ওই তিনজন। আমি বাস থামানোর পর সবাই নেমে যায়।  এরপর ওই তিনজন এবং পরে ওঠা কয়েকজন মিলে বাসে পেট্রোল ধরিয়ে আগুন দিয়ে চলে যায়। ওই লোকদের কাউকে আমি চিনি না।“

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়াস সার্ভিস বাসের আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি।