২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মেঘনায় ট্রলারডুবি, বাবা ও ছেলে নিখোঁজ

এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 11:48 AM

Updated : 22 Jan 2024, 11:48 AM

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা ও ছেলে নিখোঁজ আছেন।

রোববার রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখালের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে সোমবার সকালে ভোলার ইলিশা নৌ থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ জানান।

নিখোঁজ দুজন হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার।

এ ঘটনায় জেলে ট্রলারের সহায়তায় পাঁচ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ও উদ্ধাররা সবাই মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

উদ্ধার হওয়াদের বরাত দিয়ে বিদ্যুৎ কুমার জানান, মনপুরা থেকে ভাঙারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় স্রোতের চাপে ডুবে যায়।

পুলিশ আরও জানান, নৌ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে যায়। তবে একদিকে রাত, অন্যদিকে তীব্র শীতের কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে বলে জানান নৌপুলিশের পরিদর্শক বিদ্যুৎ কুমার।