গাজীপুরে রেললাইনের পাশে মানবভ্রূণ
খবর পেয়ে রেলওয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেললাইনের পাশে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি মানবভ্রূণ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বালীগাঁও এলাকার নাভানা পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা সংলগ্ন রেললাইনের পাশ থেকে মানবভ্রূণটি উদ্ধার করা হয় বলে নরসিংদী রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, টঙ্গী-ভৈরব রেললাইনের পাশে মানবভ্রূণ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি কালীগঞ্জ থানাকে জানায়। পরে থানা থেকে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। ভ্রূণটি চার মাসের হবে।
এসআই সাইফুল ইসলাম বলেন, ভ্রূণটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
