১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে আধিপত্যের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

জেলা সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 03:34 PM

Updated : 18 Sep 2026, 04:01 PM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান।

নিহত ২৭ বছর বয়সী জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জায়দুল মিয়া ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ার ও তাদের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জায়দুল গ্রামের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাকে একা পেয়ে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন গতিরোধ করে।

এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে জায়দুলকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জায়দুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ওসি শেখ নাজমুল হক বলেন, “জায়দুল মিয়া ও তার লোকজদের সঙ্গে গ্রামের কয়েকজনের আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ ছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।”