ওয়াজের অতিথি তালিকায় নাম নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
রোববার রাতে ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলের অতিথি তালিকায় নাম রাখা নিয়ে বিরোধের জেরে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
নিহত রিপন মিয়া (৪২) ওই এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
স্থানীয়দের বারতে পুলিশ জানায়, রূপগঞ্জের ওই এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের অনুসারীদের মধ্যে বিরোধ রয়েছে। কয়েক দিন আগে একটি ওয়াজ মাহফিলের অতিথি তালিকায় নাম রাখা নিয়ে দুপক্ষের বিরোধ আরও বাড়ে। এর জেরে রোববার রাতে উত্তেজনা দেখা দেয়।
ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ওই বিরোধের জেরেই রিপনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে প্রতিপক্ষের লোকজন রিপনকে ধাওয়া করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিপনের মেয়ে শিলা অভিযোগ করে বলেন, “স্থানীয় রিফাত কাজী, সারোয়ার, তানভীর কাজীসহ আরও কয়েকজন আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ ছিল।”
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন বলেন, স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সম্প্রতি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সেই বিরোধ আরও বাড়ে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
