রাজবাড়ীতে হত্যা মামলায় ২ যুবকের যাবজ্জীবন
এ ছাড়াও তাদের ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেকটি ধারায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন বলে জানান ওই আদালতের পিপি উজীর আলী।
দণ্ডিত দুই যুবকের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে দোষীদের আরও এক বছর কারাভোগ করতে হবে। মামলার আরেকটি ধারায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার অভয়নগর গ্রামের আক্কাস শেখের ছেলে শিপন শেখ (২৫) এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সতৈর গ্রামের প্রয়াত আকমল শেখের ছেলে বক্কর শেখ (২৮)।
মামলার নথির বরাতে উজীর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৮ সালের ২৮ অগাস্ট বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, লাশটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আফজাল মৃধার ছেলে শাকিল মৃধার।
“এ ঘটনার কয়েকদিন পর পুলিশ সন্দেহভাজন শিপন ও বক্কারকে আটক করে। পরে আটকরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।”
পিপি উজীর আলী আরও বলেন, শাকিল মৃধা ও বক্করের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে। একই গ্রামে বাড়ি হওয়াতে বক্করের স্ত্রীর সঙ্গে শাকিলের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি টের পেয়ে বক্কর তার আত্মীয় শিপনকে সঙ্গে নিয়ে শাকিলকে হত্যার পরিকল্পনা করেন।
ঘটনার দিন বেড়ানোর কথা বলে শাকিলকে দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করান বক্কর। পরে বক্কর ও শিপন বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবা ধারে নিয়ে শাকিলকে হত্যা করে কচুরিপানা দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান।
