০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 03:23 PM

Updated : 05 Oct 2026, 03:23 PM

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি জাহিদ উদ্দিন মোল্লা।

দণ্ডিত শহীদুল ইসলাম (৪৫) বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

মামলার বরাতে সরকারি কৌঁসুলি বলেন, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাতে শহীদুলের স্ত্রী মেয়ের সঙ্গে তার ধস্তাধস্তি দেখতে পান। এ সময় স্ত্রীকে দেখে শহীদুল ঘর থেকে বের হয়ে যান।

পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে তার বাবার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে ধর্ষণের অভিযোগ করে। এ ঘটনায় মেয়েটির মা বালিয়াকান্দি থানায় মামলা করেন।

জাহিদ উদ্দিন মোল্লা বলেন, “দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”